রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
কক্সবাজার আদালত চত্বরে গুলি, সাক্ষী অপহরণ: স্বেচ্ছাসেবকদল নেতাসহ আহত ৫
চঞ্চল দাশগুপ্ত, কক্সবাজার
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৫:০৭ পিএম  আপডেট: ২৪.০৫.২০২৬ ৭:৩৪ পিএম  (ভিজিট : ৭০)
X

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত চত্বরে প্রকাশ্যে গুলি চালিয়ে প্রধান সাক্ষীকে অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মইন উদ্দিন (৩৫) নামে একজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন স্বেচ্ছাসেবকদল নেতা রয়েছেন। 

ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।আজ রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ-২ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। জানা গেছে, ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। 

জেলা শ্রমিক লীগ সভাপতি জহিরুল ইসলাম হত্যা মামলায় হাজিরা দিতে আসা আসামিদের সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন লিয়াকত আলী। হাজিরা শেষে আদালত ভবন থেকে নিচে নামার সময় একদল অস্ত্রধারী তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় সন্ত্রাসীরা গুলি চালিয়ে মামলার প্রধান সাক্ষীকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।গুলিবিদ্ধ মইন উদ্দিনকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

 পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে মহিউদ্দিন ও রণি নামে দুই স্বেচ্ছাসেবকদল নেতার পরিচয় পাওয়া গেছে। এছাড়া আরো তিনজন আহত হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আটক জিয়াউল হক (২৭) ঈদগাঁও থানার কালিরছড়া এলাকার বাসিন্দা। এছাড়া আব্দুর শুক্কুর ও মো. রুবেল নামে আরো দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় আদালত চত্বর এলাকায় হঠাৎ ভিআইপি বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। আদালত চলাকালীন সময়ে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। স্থানীয়দের অনেকেই এটিকে পূর্বপরিকল্পিত বলে মনে করছেন। ঘটনার সময় স্থানীয় জনতা অস্ত্রসহ একজনকে আটক করে গণধোলাই দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে। ঘটনার পর বিএনপি নেতা লিয়াকত আলীকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

তিনি অভিযোগ করে বলেন, ২০২৫ সালের ৫ অক্টোবর ঝিলংজার মুহুরীপাড়ায় আমাকে গুলি ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল একটি সন্ত্রাসী বাহিনী। আদালত প্রাঙ্গণেও একই বাহিনীর সদস্যরা আবারো আমাকে হত্যার চেষ্টা চালিয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান আজকের দৈনিককে জানান, হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। হামলার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আ.দৈ/আরএস


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝