আহত পুলিশ সদস্য মৃনাল চন্দ্র
বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশ সদস্যদের ওপর হামলা, আটক ৪
বরিশাল প্রতিনিধি

বরিশালের উজিরপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।অভিযানের সময় ডিবি পুলিশের এক কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ মে) দুপুর দেড়টার দিকে বরিশাল জেলা ডিবির সাত সদস্যের একটি দল উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এসআই আরসেলের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মাদক উদ্ধারের সময় মো. আরিফ মোল্লার নেতৃত্বে তার সহযোগী শামীম মোল্লা ও মুনসুর মোল্লা, আলাউদ্দিন পুলিশের কাজে বাঁধা দেন।অভিযানের একপর্যায়ে ডিবি সদস্যদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এসময় আরিফ মোল্লা তার কাছে থাকা মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলে দেন। পরে ডিবির কনস্টেবল মৃণাল চন্দ্র পুকুর থেকে ওই মাদকদ্রব্য উদ্ধারের চেষ্টা করলে আরিফ তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন।এতে তিনি গুরুতর জখম হন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত কনস্টেবল মৃণালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পাশাপাশি পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। আটকরা হলেন– শামীম মোল্লা, মুনসুর মোল্লা, আলাউদ্দিন ও আরিফ মোল্লা। তাদের বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায়।
ওসি জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ওই এলাকায় মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ মোল্লার নেতৃত্বে উজিরপুরে দীর্ঘদিন থেকে মাদকের রমরমা কারবার চলে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযোগ পেয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
তবে অভিযোগের ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি থানা হাজতে আটক আরিফ মোল্লা। বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, অভিযানের সময় মাদক কারবারিরা মাদক নিয়ে পুকুরে ঝাঁপ দেয়। তখন আমাদের ডিবি পুলিশের সদস্যরা তাদের জাপটে ধরে। এসময় ধস্তাধস্তির একপর্যায় আমাদের এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করতে সক্ষম হয়েছে অভিযানে যাওয়া দল।
তিনি বলেন, আটকের ঘটনায় উজিরপুর মডেল থানায় পৃথক দুটি মামলা হবে। একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ও অপরটি পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ সুপার।
আ.দৈ/আরএস




















