যশোরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ নিহত
ইমরান হোসেন রাজ, যশোর

যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও ভ্যান দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪)। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চার বছরের শিশু সৌভিক সাহা ও আনোর আলী।
এ ঘটনায় আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮)। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
আ.দৈ/আরএস




















