সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বগুড়ায় ২৪ ঘন্টায় তিন খুন
এনাম আহমেদ, বগুড়া
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৮:৩৮ পিএম   (ভিজিট : ৪০)
X

বগুড়ার দুই উপজেলায় ২৪ ঘন্টায় পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গাবতলী উপজেলায় ঘরে ঢুকে দুর্বৃত্ত কর্তৃক গৃহবধূকে গলা কেটে হত্যা ও মাদকাসক্ত বাবার বিরুদ্ধে পাঁচ মাস বয়সী সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। 

অন্যদিকে সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র নিহত হয়েছে । বুধবার দিবাগত রাত ১২টা থেকে  গতকাল বৃহস্পতিবার দুপুরের মধ্যে এ তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
বগুড়ায় গৃহবধূকে গলাকেটে হত্যাঃ বগুড়ার গাবতলীতে ঘরে ঢুকে রিতা রানী মজুমদার (৪৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ মে) মধ্যরাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। নিহত রিতা রানী একই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী ।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, তাদের এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন। বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রিতা রানীর সঙ্গে রাতের খাবার খেয়ে তারা আলাদা ঘরে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভেঙে যায়।

একই সময় স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত সেখানে ছুটে যান। ঘরে ঢুকে তিনি দেখতে পান, রিতা রানীর গলাকাটা রক্তাক্ত মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে। পরে চিৎকার করে বাইরে বের হলে বাড়ির সদর দরজা খোলা দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, ঘটনাস্থল থেকে রিতা রানীর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। গলাকাটা অবস্থায় নিহত তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিলেন। ঘটনার রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
 
শিশু সন্তানকে গলা টিপে হত্যার অভিযোগঃ  গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কলাকোপা সুবোধ বাজার এলাকায় বৃহস্পতিবার দুপুরে পাঁচ মাস বয়সী শিশু আব্দুল্লাহকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা রায়হান আলীর বিরুদ্ধে। নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান আলী মাদকাসক্ত অবস্থায় ঘরে ঢুকে নিজের শিশু সন্তানকে গলা চেপে ধরেন। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হত্যার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্ত বাবাকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।

ফুটবল খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্র খুনঃ অন্যদিকে সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারি এলাকায় বৃহস্পতিবার দুপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হয় স্কুলছাত্র মোস্তাকিম আহমেদ (১৮)। তিনি নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। 

জানা গেছে, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সঙ্গে একই এলাকার শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার দুপুরে নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে মোস্তাকিম গেলে পূর্ব বিরোধের জেরে শাহাদাত ও তার সহযোগীরা হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ হয়েছিল। সেই ঘটনার জের ধরেই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) হুসেইন মোহাম্মদ রায়হান আজকের দৈনকেকে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।  ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝