সিঁধ কেটে বৃদ্ধ হত্যা: আসামি না ধরে বাদীপক্ষকে নির্যাতনের অভিযোগ
অদিত্য রাসেল, সিরাজঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরে সিঁধ কেটে বৃদ্ধকে হত্যার ঘটনায় দায়ের করা মামলাকে ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ তুলেছে নিহতের পরিবার।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, প্রকৃত আসামিদের গ্রেপ্তার না করে উল্টো বাদীপক্ষের লোকজনকে আটক ও নির্যাতন করছে পুলিশ।
নিহত সোবহান প্রামাণিকের স্ত্রী শেফালী খাতুন অভিযোগ করেন, উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানি দত্তপাড়া গ্রামে দীর্ঘদিনের বিরোধের জেরে (১০ মে রাতে) প্রতিপক্ষের লোকজন সিঁধ কেটে তাদের ঘরে প্রবেশ করে সোবহান প্রামাণিককে কুপিয়ে হত্যা করে। হামলায় তিনিও গুরুতর আহত হন।
পরিবারের দাবি, এরআগে, ২০১৮ সালে সোবহান প্রামাণিকের ছেলে সেলিম রেজা অপহরণের ঘটনায় একই গ্রামের বাবুল প্রামাণিকসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছিল। সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে গোলাম সবুর বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে পুলিশ বাদীপক্ষের লোকজনকে আটক করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করছে। এছাড়া গ্রেপ্তারের ভয়ে এলাকাবাসীর অনেকে বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে আছেন বলেও দাবি করেন তারা। এই সুযোগে প্রতিপক্ষের লোকজন বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তারা।
সংবাদ সম্মেলনে নিহতের ছেলে মাসুদ রানা, মামলার বাদী গোলাম সবুর ও ইতি বেগমসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তবে বাদী পক্ষের অভিযোগ অস্বীকার করে উল্লাপাড়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, হত্যা কান্ডের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামি আব্দুল আজিজ হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। দুইজন রিমান্ডে আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই পক্ষের পাল্টা পাল্টি মামলা আছে। মূলত প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
আ.দৈ/আরএস




















