বগুড়া সিটি করপোরেশনের নতুন প্রশাসক স্বাধীন
এনাম আহমেদ, বগুড়া

বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি এম আর ইসলাম স্বাধীন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ মঙ্গলবার (১৯ মে) তিনি দায়িত্ব গ্রহণ করেছেন।
গতকাল সোমবার (১৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত জারি করা এ প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ ক এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা গ্রহণ করবেন।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে জারি করে স্থানীয় সরকার বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর প্রথম তফসিল সংশোধন করে বগুড়া সিটি করপোরেশনকে অন্তর্ভুক্ত করা হয়।
গেজেট অনুযায়ী, আইনের ধারা ৩-এর উপধারা (৩) অনুসারে বগুড়া পৌরসভা এবং আশপাশের কয়েকটি সম্প্রসারিত এলাকা নিয়ে নতুন এ সিটি করপোরেশন গঠন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান স্বাক্ষরিত গেজেটে নতুন সিটি করপোরেশনের সীমানা ও ওয়ার্ড বিন্যাসও নির্ধারণ করা হয়।
নতুন সিটি করপোরেশনে মোট ২১টি ওয়ার্ড রাখা হয়। এর আওতায় বর্তমান পৌর এলাকার পাশাপাশি সদর উপজেলা ও শাজাহানপুর উপজেলার কয়েকটি মৌজাও যুক্ত হয়।
অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে উত্তরে ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১ নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর) এলাকা নিয়ে নতুন এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে।
আ. দৈ./কাশেম/জাকির




















