বগুড়ার জমি নিয়ে বিরোধ দুই চাচাতো ভাইকে হত্যা
বগুড়া প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে দুই চাচাতো ভাইকে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৮ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) এবং তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা উভয়েই লক্ষীপুর গ্রামের বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই।
এ ঘটনায় জড়িত তাদের চাচা রেজাউল করিম ও তার দুই ছেলে রাব্বি মন্ডল (২৭) ও আহাদ মন্ডল (২১) বলে পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর পুলিশ আহাদ মন্ডলকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের জামিল, তোফাজ্জল ও রেজাউল করিম এই তিন ভাইয়ের মধ্যে তিন শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জেরে রোববার সকালে রেজাউল করিম তার দুই সন্তানের সাথে ইয়াছিন আলী (৩০) ও সুমন মোল্লার সাথে ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে রেজাউল ও তার সন্তানদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে তারা এলোপাথাড়ি কুপিয়ে ইয়াছিন আলী ও সুমন মোল্লাকে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় সুমন মোল্লাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ ওসি শাহীনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে ।
আ. দৈ./কাশেম/ জাকির




















