বগুড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর কীটনাশক সেবন
বগুড়া প্রতিনিধি

বগুড়ায় দাম্পত্য কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) সেবনে রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিষাক্ত ট্যাবলেট সেবনের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়। রাহুল যাদব শহরের নামাজগড় ডালপট্টি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ডাল আমদানির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
গত বৃহস্পতিবার রাহুল যাদব তার নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলা বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলা। ভালো থেকো। আমিও হয়ত আর থাকবো না এই পৃথিবীতে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে পারিবারিক বিরোধের জেরে রাহুলের স্ত্রী তাদের আট বছর বয়সী মেয়েকে রেখে অন্যত্র চলে যান। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ওইদিন দুপুরে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করেন রাহুল। পরে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল সাদিক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ জাকির




















