এসএসসি-এইচএসসির সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু জানুয়ারি ও জুনে
নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তাবিত রুটিনও প্রস্তুত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সচিবালয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। যা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতির সুবিধার্থে সেটি শিক্ষার্থীদের দিয়ে দেয়া হবে। ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রস্তাবিত রুটিন দেখতে ক্লিক করুন: এসএসসি ২০২৭ রুটিন, এইচএসসি ২০২৭ রুটিন।
ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। এসএসসির মতো এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে।
পরীক্ষার ফলাফল প্রকাশের সময় কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ২ মাসের মধ্যে ফল দেয়ার প্র্যাকটিস আছে। তবে ফল প্রকাশের এই সময়কে আরও কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
এসএসসি পরীক্ষার কারণে বই উৎসবে কোনো সমস্যা হবে না উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষার কারণে জানুয়ারির বই দিতে বিঘ্ন হবে না। এছাড়া পরীক্ষার মূল্যায়নের সুযোগ রেখে আইন সংশোধন হচ্ছে, পরবর্তী সংসদে এটি পাস হবে।
আ.দৈ/আরএস




















