রাজবাড়ীতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
রাজবাড়ী প্রতিনিধি

"অটিজম কোন সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। আজ বুধবার(১৩ মে) সকাল সোয়া ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি র্যা লী বের করা হয়। র্যা লী শেষে ৫ টি হুইল চেয়ার ও একটি ওয়াকার বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আফরোজা পারভীন বক্তব্য রাখেন।
রাজবাড়ী সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার অজয় কুমার হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শামসুল হক, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, বালিয়াকান্দির এনজিও এসেটের নির্বাহী পরিচালক শাহজাহান সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন। অটিজম বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডাঃ মোঃ নাসিরউদ্দিন আহমেদ।
সভায় বক্তারা বলেন, অটিজম কোনো রোগ নয়, এটি একটি নিউরো-ডেভেলপমেন্টাল অবস্থা। সমাজে অটিজম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা এবং তাদের শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন অফিসার মোছাঃ নাজনীন নাহার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সমাজসেবামূলক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম/ জাকির




















