বাঞ্ছারামপুরে রাস্তার পাশে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সোমবার (১১ মে) বিকেলে উপজেলার মরিচাকান্দি-উলুকান্দি এলাকার কলেজ রোডসংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জানা গেছে, সোমবার বিকেলের দিকে পথচারীরা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, দুপুরের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে গুলি করে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে। তবে হত্যাকাণ্ডের সঠিক সময় ও কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আ. দৈ./কাশেম/ জাকির




















