ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে হামের প্রকোপ
প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে হামের রোগী
আশিকুর রহমান মিঠু, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দিন দিন বাড়ছে হামের প্রকোপ। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন হামের উপসর্গ নিয়ে অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। রোগীর অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
গতকাল সোমবার (১১ মে) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রায় ৮০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। অথচ ওয়ার্ডটির ধারণক্ষমতা মাত্র ৩০ জনের। অতিরিক্ত রোগীর কারণে অনেককে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে ২০ থেকে ২৫ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন প্রায় সমসংখ্যক রোগী। তবে নতুন রোগী আসার হার বেড়ে যাওয়ায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চাপ ক্রমেই বাড়ছে।
রোগীর স্বজনরা জানান, তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পর্যাপ্ত শয্যা ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আকতার হোসাইন বলেন, বর্তমানে হাসপাতালে হামের রোগীর চাপ বেড়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা রাখা হয়েছে।”
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহীন ভূইয়া আজকের দৈনিককে জানান, প্রতিদিন নতুন রোগী ভর্তি হলেও চিকিৎসা শেষে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আ. দৈ./কাশেম/ জাকির




















