পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান, কারেন্ট জাল জব্দ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে একজনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচলের প্রতিবন্ধকতা দূর করতে এবং অবৈধ জাল নির্মূলে এ অভিযান চালানো হয়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই অলক মজুমদার ও এএসআই মো. জামাল উদ্দিন ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালান। দিনব্যাপী এই অভিযানে ফেরি ও লঞ্চ চলাচলের রুটে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা এসব জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অভিযান চলাকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় অবৈধভাবে কারেন্ট জাল পেতে মাছ ধরার সময় মো. মাসুদ প্রামাণিক (২০) নামে এক তরুণকে হাতেনাতে আটক করা হয়। আটক মাসুদ দৌলতদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সিদ্দিক কাজীর পাড়ার মো. শহীদ প্রামাণিকের ছেলে।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, অবৈধ কারেন্ট জাল নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং আটক জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আ.দৈ/আরএস




















