রাজবাড়ীতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবি
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল ১০ টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন(ফারিয়া) জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়।
মানববন্ধনে রাজবাড়ী ফারিয়া সংগঠনের সভাপতি সৈয়দ আলী ইকবাল (মিঠু), সাধারণ সম্পাদক সাগর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান, ম্যানেজার ফোরামের সভাপতি কোলম কৃষ্ণ চক্রবর্তী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা নানা ধরনের অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অনেক সময় তারা শারীরিক ও মানসিক হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বক্তারা আরো বলেন, প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, হয়রানি বন্ধ করা এবং কর্মস্থলে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসমূহ বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন(ফারিয়া) জেলা শাখার সদস্য, ঔষধ কোম্পানির ম্যানেজার ফোরামের নেতাকর্মী সহ বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আ. দৈ./কাশেম/ জাকির




















