রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝড়ে লন্ডভন্ড শ্রীপুরের তিন গ্রাম
মাসুদ রানা, শ্রীপুর (গাজীপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:১৮ পিএম   (ভিজিট : ৬০)
X

গাজীপুরের শ্রীপুরে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে তিনটি গ্রামের বসতবাড়ি, গাছপালা ও ফসলের মাঠ লন্ডভন্ড হয়ে গেছে। এতে এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে ঝড়ের তান্ডব।

এতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর, জাহাঙ্গীরপুর ও ধামলই গ্রামের গাছপালা উপড়ে ও ভেঙ্গে গেছে। অনেক ঘরের চাল উড়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুতের লাইনের। ফলে ওই তিন গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এসব গ্রামের বহু মানুষ।

দুপুরে সরেজমিন তিনটি গ্রামে গিয়ে দেখা গেছে, অনেকের বসতবাড়ির টিনের চাল উড়ে গেছে। বহু কাঁঠালগাছ ভেঙ্গে মৌসুমী ফল কাঁঠালের ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড়ো হাওয়ায় পাকাধান খেত মাটিতে লুটিয়ে পড়েছে। শাকসবজির খেত মাটিতে মিশে গেছে। বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। শতাধিক পয়েন্ট মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে গেছে।

হয়দেবপুর গ্রামের বাসিন্দা জামল উদ্দিন বলেন, মাত্র ১৫ মিনিটের ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে বাড়িঘর-গাছপালা ভেঙ্গে পড়েছে সব এলাকায়। এ কারণে দুপুর পর্যন্ত বিদ্যুৎ আসেনি।

জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদির বলেন, সকালের ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে। এতে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। মুরগির খামারি জাহাঙ্গীর আলম বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমার মুরগির খামারের চাল উড়ে গেছে। আমার একমাত্র সম্বল হারিয়ে এখন আমি নিঃস্ব প্রায়।

হয়দেবপুর গ্রামের বাসিন্দা শহিদুল্লাহ খান বলেন, ১৫ মিনিটের ঝড়ে তিনটি গ্রামের কমপক্ষে শতাধিক পয়েন্টে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। দীর্ঘ সময়ের জন্য গ্রামে বিদ্যুৎহীন থাকবে।

কাওরাইদ পল্লী বিদুৎ অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আনিছুর রহমান আজকের দৈনিককে বলেন, কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন  লাইনের বিভিন্ন পয়েন্টে মেইন লাইন ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। ধরে নিতে পারেন দীর্ঘ সময়ের জন্য তিনটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। অনেক গাছপালা মেইন লাইনের উপর এগুলো সরিয়ে নিতে অনেক সময়ের প্রয়োজন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা আজকের দৈনিককে জানান, কালবৈশাখী ঝড়ে স্থানীয় কৃষকদের বোরোধানসহ শাকসবজির অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকার জন্য মাঠকর্মীদের গ্রামে পাঠানো হয়েছে।

আ. দৈ./কাশেম/ জাকির


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝