
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিতের আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিষ্পত্তিতে কমিশন সন্ধ্যা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, নির্ধারিত সময়ের মধ্যে আদালতের কোনো আদেশ বা নতুন তথ্য না এলে নুসরাত তাবাসসুমের নামেই গেজেট প্রকাশ করা হবে।
তিনি বলেন, একই জোটের অন্য প্রার্থী মনিরা শারমিনের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হলেও সেখানে কোনো নির্দিষ্ট আইনি ভিত্তি বা আদালতের আদেশ উল্লেখ নেই। তাই শুধু ওই চিঠির ওপর ভিত্তি করে গেজেট প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা সম্ভব নয়।
কমিশন আরও জানায়, সন্ধ্যার মধ্যে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা পাওয়া গেলে তা পর্যালোচনা করা হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এমন কোনো নির্দেশনা না এলে প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।
আ.দৈ./ এম.এস




















