
রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা ও বিরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার (৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দেন।
একপর্যায়ে বাঘাইছড়ি উপজেলা থেকে আসা নতুন কমিটির পক্ষের একটি গাড়িবহর এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এতে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে নতুন কমিটির সমর্থকরা পাল্টা প্রতিক্রিয়া জানায় এবং ধাওয়া দিয়ে পদবঞ্চিতদের সরিয়ে দেয়।
ঘটনার পর নতুন কমিটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই পক্ষকে সরিয়ে দেয়।
এরপর জেলা প্রশাসন রাত ১২টা পর্যন্ত বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে।
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে, এখানে বিভেদের কোনো বিষয় নেই।
কোতোয়ালি থানার ওসি মো. জসীমউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের অসন্তোষ দেখা দেয় এবং তারা বিভিন্ন সময় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে আসছিল।
আ.দৈ./ এম.এস




















