
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জে পৌঁছেছে। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামে মরদেহবাহী অ্যাম্বুলেন্স পৌঁছালে স্বজন ও গ্রামবাসীর কান্নায় পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
এর আগে সকাল ৮টা ৪৭ মিনিটে মরদেহবাহী উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টার দিকে মরদেহ বহনকারী গাড়িটি জামালপুরের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সরেজমিনে দেখা যায়, অ্যাম্বুলেন্সটি গ্রামে প্রবেশ করতেই শত শত মানুষ ভিড় জমায়। বাড়ির আঙিনায় পৌঁছানোর পর স্বজনরা শেষবারের মতো লিমনকে দেখার জন্য ভিড় করেন। এ সময় আহাজারিতে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। একপর্যায়ে শোকে ভেঙে পড়েন তার বাবা জহুরুল হক, তাকে ধরে বসানো হয়।
নিহতের চাচা হেলাল উদ্দিন বলেন, ‘এই কষ্ট আমরা কীভাবে সহ্য করব বুঝতে পারছি না। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
জামিল আহমেদ লিমন মাদারগঞ্জ উপজেলার মহিষবাথান এলাকার বাসিন্দা। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন।
পরে এ ঘটনায় জড়িত সন্দেহে তার রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, জিজ্ঞাসাবাদের পর গত ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি এলাকায় ফেলে রাখা ব্যাগ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আ.দৈ./ এম.এস




















