নগদের অফিসে সশস্ত্র ডাকাতি, নগদ অর্থ ও মালামাল লুট
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের ডিস্ট্রিবিউটর অফিসে হামলা চালিয়ে অস্ত্রের মুখে নগদ ৭ লাখ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। শনিবার (২ মে) সকালে উপজেলার জালাল টাওয়ারে নগদের অফিসে এ ঘটনা ঘটে।
পরে সোনারগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ওই ডিস্ট্রিবিউটর অফিসের মালিক আল আমিন বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে ৮/১০ জনের নামে অজ্ঞাতনামা আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ডিষ্ট্রিবিউটরের মালিক আল আমিন জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় জালাল টাওয়ারে অবস্থিত নগদের ডিস্ট্রিবিউটর অফিসে সকাল ৯টার দিকে ৮/১০ জনের একটি দল শটগান, পিস্তল ও দেশিয় অস্ত্রসহ অফিসে প্রবেশ করে হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।
এ সময় কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে নগদ ৭ লাখ টাকা, ৫টি মোবাইল ফোন, সিসিটিভি ক্যামেরার ডিভাইসসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নেয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
আ.দৈ/আরএস




















