ফটিকছড়িতে শ্রমিক দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত
আজগর আলী,ফটিকছড়ি(চট্টগ্রাম)

আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (১ মে) সকালে ফটিকছড়ি বিবিরহাট ঈদগাহ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালিতে শ্রমিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে বাসস্টেশন এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা আব্দুল জব্বার। তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে শ্রমিকের ন্যায্য মজুরি ও মর্যাদা নিশ্চিত করা একটি নৈতিক ও মানবিক দায়িত্ব। শ্রমিকবান্ধব সমাজ প্রতিষ্ঠায় ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম। তিনি শ্রমিকদের সংগঠিত হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের ঐক্যই অধিকার আদায়ের সবচেয়ে বড় শক্তি। দক্ষতা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রম আইন বাস্তবায়নের মাধ্যমে শ্রমিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফটিকছড়ি থানা শাখার প্রধান উপদেষ্টা নাজিম উদ্দিন ইমু। এছাড়া শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মাওলানা ইউসুফ বিন সিরাজ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ফটিকছড়ি থানা শাখার সভাপতি গাজী মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আবু জাফরের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপদেষ্টা নবীর হোসাইন মাসুদ, কাজী মোহাম্মদ ইকবাল, ইব্রাহিম খলিল, মো:আজগর আলী, রুহুল আমিন, শামসুর আলম হেলালী, লোকমান চৌধুরী, জাহাঙ্গীর আলম, মো: এরশাদ উল্লাহ, জিয়াউল হক রুবেল, গিয়াস উদ্দিন রুবেল, আনারুল আজিম মেম্বার, ফোরকানুল আমিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।
আ. দৈ./কাশেম/ জাকির




















