২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ যুক্তরাজ্যে: সারাহ কুকের দাবি
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক সংবাদদাতা সমিতি, বাংলাদেশের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আইনের শাসন ও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সারাহ কুক জানান, প্রতিটি ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনার বিষয়ে মন্তব্য করা সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সুশাসন জোরদারে যুক্তরাজ্য কাজ করে যাচ্ছে এবং গত দেড় থেকে দুই বছর ধরে এ বিষয়ে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে।
এদিকে, অবৈধ অর্থপ্রবাহ রোধে আগামী জুন মাসে লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। লন্ডনের ল্যাঙ্কাস্টার হাউসে ২৩ ও ২৪ জুন দুই দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বিভিন্ন দেশের সরকার, নাগরিক সমাজ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। কালোটাকা প্রতিরোধ, অর্থপাচার রোধ এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়ে আলোচনা হবে।
এছাড়া আবাসন খাতে অর্থপাচার, ভার্চুয়াল মুদ্রার অপব্যবহার এবং অবৈধ স্বর্ণ ব্যবসার মতো নতুন কৌশল মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। সারাহ কুক আশা প্রকাশ করেন, এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরাও অংশ নেবেন এবং দেশের অর্থমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
অনুষ্ঠানে কূটনৈতিক সংবাদদাতা সমিতির নেতারাও বক্তব্য দেন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অর্থপাচার প্রতিরোধে জোর দেন।
আ.দৈ/আরএস




















