রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রিমান্ড শেষে কারাগারে পাঠানো হলো তনু হত্যা মামলার আসামি হাফিজুরকে
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ১২৩)
X

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন আসামি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সাবেক সেনা সদস্য হাফিজুরকে আদালতে নিয়ে আসা হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট বিচারক।মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তার হাফিজুর রহমানকে কুমিল্লার আদালতে নেওয়া হলে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেননি। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।’ 
তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী থেকে অবসরে যাওয়া আরো দুই সন্দেহভাজন আসামিকে খোঁজা হচ্ছে। তাদেরকেও শিগগিরই গ্রেপ্তার করা হবে।

তনুর ভাই আনোয়ার হোসেন রুবেল বলেন, ‘আজ দুপুর দেড়টার দিকে তদন্ত কর্মকর্তা আমাদের কুমিল্লা কারাগার গেটে থাকতে বলেছেন। আমি আমার বাবাকে নিয়ে কারাগারে এসে জানতে পারি আসামিকে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। তাই তাকে দেখা হয়নি।’


এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে হাফিজুরকে গ্রেপ্তার করে পিবিআই।পরে বুধবার বিকালে কুমিল্লার আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোমিনুল হক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। একই দিন (বুধবার) হাফিজুর রহমানকে ঢাকায় ল্যাবে নিয়ে তার বেশ কিছু ডিএনএ নমুনা পরীক্ষা করা হয়।

পিবিআই সূত্র জানায়, ২০১৭ সালের মে মাসে সিআইডি তদন্ত টিমের সোহাগী জাহান তনুর পোশাক থেকে নেওয়া নমুনার ডিএনএ পরীক্ষা করে তিনজন পুরুষের শুক্রাণু পাওয়া যায়। তবে পরে আর এগুলো সন্দেহভাজন কারো সঙ্গে মিলিয়ে (ক্রস ম্যাচ) দেখা হয়নি। গত ৬ এপ্রিল এ মামলায় তিন সন্দেহভাজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহীনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতে আবেদন করেছিল পিবিআই।

আদালতের আদেশ পেয়েই তাদের গ্রেপ্তারে অভিযানে নামে পিবিআই। গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার (অব.) হাফিজুর রহমানকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই প্রথম সন্দেহভাজন একজনের ডিএনএ ক্রস ম্যাচ (মিলিয়ে দেখা) নমুনা নেওয়া হয়। অপর দুজনকে গ্রেপ্তারের পর তাদেরও ডিএনএ নমুনা নেওয়া হবে বলে জানায় পিবিআই।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘ওয়ারেন্ট অফিসার (অব.) হাফিজুর রহমানকে তিন দিনের জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আমরা এসব তথ্যগুলো যাচাই-বাছাই করব।’

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝