নাইক্ষ্যংছড়িতে আগ্নেয়াস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক :

বর্ডার গার্ড বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বাগানঘোনা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি পিস্তল ও ৪২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এসময় বিজিবি সদস্যরা মোঃ ফারুক (২১) নামের এক রোহিঙ্গা যুবকসহ ২ জনকে আটক করেছে। গতকাল শনিবার ৯১১এপ্রিল) সন্ধ্যায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইএর দেওয়া তথ্যের ভিত্তিতে বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের টহলদল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি টিটি ক্যালিবার ৯ মি.মি. পিস্তল, ১টি অজ্ঞাত ধরনের পিস্তল এবং ৪২ রাউন্ড লাইভ এ্যামুনেশনসহ মোঃ ফারুক নামের এক ব্যক্তিকে আটক করে। সে রোহিঙ্গা ক্যাম্প-১৩, ব্লক এফ-১ এর বাসিন্দা মোঃ হোসেনের ছেলে।
পরবর্তীতে আটককৃত রোহিঙ্গা যুবকের দেওয়া তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকডালা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নুরুল আলম (৩০) নামের আরেক জনকে আটক করা হয়। আটককৃত নুরুল আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের প্রধানঝিরি এলাকার সোলেমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, আয়াতুল্লাহ' নামের এক ব্যক্তির নির্দেশে তারা মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে অস্ত্র দুটি বহন করে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ক্যাফে-১৩ নামক একটি হোটেলে অন্য একটি পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা করছিল। আটককৃতরা অস্ত্র ও গোলাবারুদসহ বর্তমানে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর হেফাজতে রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আ. দৈ./কাশেম / ইমু




















