Operation Clean Homes, Healthy Lives” উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করার প্রত্যয় ডিএনসিসি প্রশাসকের
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো: শফিকুল ইসলাম খান মিলটন ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করার প্রত্যয় জানিয়ে বলেছেন, ডেঙ্গু থেকে আমাদের সন্তানদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই এই বিশেষ মশক নিধন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পরিচ্ছন্নকর্মী ও মশককর্মীরা দায়িত্ব পালন করবেন, তবে নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া এ কার্যক্রম সফল করা সম্ভব নয়।
আজ শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গণে মশক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এর বিশেষ প্রচারাভিযান “Operation Clean Homes, Healthy Lives”-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে ডিএনসিসির পদস্থ কর্মকর্তা, ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, বিএনপি ও অংগ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসক শফিকুল ইসলাম খান মিলটন নগরীতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান। তিনি বলেন, সামনে আরো বড় পরিসরে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ডিএনসিসির কোথাও রাস্তাঘাট বা জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যা থাকলে তা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।এই বিশেষ প্রচারাভিযান আগামী ২১ মে পর্যন্ত চলবে। প্রতিদিন ডিএনসিসির ১০ জন এবং ব্র্যাক-এর ১০ জন মশককর্মী এ কার্যক্রমে অংশ নেবেন।
কর্মসূচি উদ্বোধনের পর প্রশাসক আশেপাশের বিভিন্ন বাড়িতে ডেঙ্গু বিষয়ে সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন ও স্থানীয় মানুষকে ডেঙ্গু নিয়ন্ত্রনে কর্পোরেশনের সাথে সহোযোগিতার আহবান জানান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী বলেন, মশা নিয়ন্ত্রণ শুধু সরকারের দায়িত্ব নয়; এ বিষয়ে সকল নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত সচেতনতাই এ সমস্যার কার্যকর সমাধান দিতে পারে।
উল্লেখ্য, গত বছর ১৬ ডিসেম্বর থেকে ডিএনসিসি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা এবং মানুষের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। ব্র্যাক স্বাহ্য কর্মসূচি গ্লোবাল ফান্ডের আর্থিক সহায়তায় এবং NMEP, CDC ও স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রনে ইতিমধ্যে "জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য" নামক উক্ত প্রকল্পের ১ম পর্যায়ের ৩৪টি, ২য় পর্যায়ের ৩৪টি এবং ৩য় পর্যায়ের আরও ১৪টি "Oparation Clean Home; Healthy Lives" ক্যাম্পেইন পরিচালনা করেছে। এছাড়া বর্ণিত কর্মসূচির অংশ হিসেবে ওয়ার্ড নং- ০৫, ১৯ ও ৩৩ এ প্রাক কীটতাত্ত্বিক জরিপ, ইন্টারভেনশন ও কীটতাত্ত্বিক উত্তর জরিপ পরিচালনা করা হয়েছে।
এরই ধরাবাহিকতায় এ প্রকল্পের অধীনে চলতি বছর মশাবাহিত রোগ (ডেঙ্গু, চিকুনগুনিয়া) বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ডিএনসিসি এর ওয়ার্ড সমূহে মশার উৎপত্তিস্থল দূরীকরণে Operation Clean Home: Healthy Lives কর্মসূচি পুনরায় পরিচালনা করা হবে। এ পর্যায়ে সর্বশেষ প্রাকবর্ষা মৌসুমে জরিপ এ প্রাপ্ত ডিএনসিসি এর ঝুঁকিপূর্ণ ১০টি ওয়ার্ডে সংযুক্ত পরিকল্পনা অনুযায়ী ২০টি ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
এই কর্মসূচি সিটি কর্পোরেশন এলাকায় মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করবে। এমতাবস্থায়, বর্ণিত কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট সকল'কে অনুরোধ করা হচ্ছে।
আ. দৈ./কাশেম




















