হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১২৫৬
নিজস্ব প্রতিবেদক

দেশে হামের পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১৬২ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।
এ সময়ে দেশে মোট ১৯ হাজার ৩১২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হয়েছেন ৯৪ জন। অন্যদিকে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৫৭ হাজার ৯৯১ জনের শরীরে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১ লাখ ৩৮ হাজার ৪৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৩ হাজার ৪০৪ জন।
ক্রমাগত নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনায় দেশে হামের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।
আ.দৈ/আরএস




















