ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৬১ জন
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও রোগী শনাক্তের তথ্য পাওয়া গেছে।
নতুন ছয়জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯ জনে। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই মারা গেছেন ৫২ জন। আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১ হাজার ৫৬১ জনসহ চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৮৩৭ জন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৩৯৪ জন। এ পর্যন্ত মোট ৪৮ হাজার ৯৩ জন রোগী সুস্থ হয়েছেন।
এক দিনে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৬২৭ জন। এ ছাড়া খুলনায় ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেটে ছয়জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আ.দৈ/আরএস




















