পানছড়িতে বিজিবির অভিযানে ১৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ
নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদকখাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনি পাড়া কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মোঃ শাহ আলম-এর নেতৃত্বে বিজিবির একটি টহলদল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান গ্রহণ করে।
গতকাল বিকেলে সীমান্ত সড়ক দিয়ে ২টি মোটরসাইকেলে ৪ জন ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে আসার পথে শতাধিক সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর হতে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস-এর নেতৃত্বে আরও ২টি টহলদল দ্রুত রওনা হয়। অতিরক্ত বিজিবি সদস্য আসার খবর পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ধীরে ধীরে সরে যায়। বিজিবি সদস্যদের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার মাধ্যমে সন্ত্রাসী গ্রুপের সদস শনাক্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম দমন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
আ. দৈ./কাশেম/ ইমু




















