নিট মুনাফা ৩৬৮ কোটি টাকা
১৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ শাহজালাল ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক :

২০২৫ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নিট মুনাফায় ১১৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অর্থাৎ সর্বশেষ সমাপ্ত হিসেব বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি কর পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে ৩৬৮ কোটি টাকা। যা আগের হিসাববছরে একইসময়ে এই নিট মুনাফার পরিমাণ ছিল ১৬৯ কোটি টাকা।
গতকাল বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। আজ বৃহস্পতিবার (০৯ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশ করেছে ব্যাংকটি।
ডিএসইর প্রকাশিত সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৫ হিসাববছরে মুনাফা বৃদ্ধির ফলে ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৫২ পয়সা। একই সঙ্গে আর্থিক ভিত্তিও শক্তিশালী হয়েছে। আর সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) বেড়ে ২৩ টাকা ৭ পয়সায় পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ২১ টাকা ৯ পয়সা। এ ছাড়া সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১২ টাকা ২৮ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ৮ টাকা ৩ পয়সা।
আর্থিকভাবে ভালো পারফরমেন্স করায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। যা আগের বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, নিট বিনিয়োগ আয় বৃদ্ধি, শেয়ার ও সিকিউরিটিজ থেকে বেশি আয় এবং অন্যান্য পরিচালন আয়ের প্রবৃদ্ধির ফলে মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ ও স্থাপন বৃদ্ধি পাওয়ায় তাদের নগদ প্রবাহও শক্তিশালী হয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ মে বার্ষিক সাধারণ সভার (এজিএম) সভার তারিখ নির্ধারণ করেছে ব্যাংকটি। এ লক্ষ্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল।
আ. দৈ./কাশেম




















