রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সাবেক পুলিশ কর্মকর্তা মাসুদের নেতৃত্বে কল্যাণপুরে জঙ্গি হামলা
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম   (ভিজিট : ৭৮)
X

কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন সাবেক পুলিশ কর্মকর্তা মাসুদ আহম্মদ। অথচ মামলায় তাকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে সাক্ষী করা হয়। 

এসব তথ্য জানার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ঘটনার সত্যতা পেলে ওই পুলিশ কর্মকর্তাকেও আসামি করা হবে। এদিকে, গাজীপুরের পাতারটেকে কথিত জঙ্গি অভিযানের ঘটনারও পুনঃতদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রসিকিউশন।

১০ বছর আগে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে ‘কথিত’ জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে ৯ জন নিহত হয়। কথিত এই জঙ্গিবিরোধী অভিযানের নামে হত্যাকাণ্ডের অভিযোগ পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উত্থাপিত হয়।

তদন্ত শেষে এ বছর জানুয়ারিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি শহীদুল হক, তৎকালীন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এবং এসবি প্রধান মনিরুলসহ ৮ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা।

উক্ত অভিযানে সরাসরি নেতৃত্ব দেন মিরপুর বিভাগের তৎকালীন উপপুলিশ কমিশনার মাসুদ আহম্মদ। কল্যাণপুরের ‘কথিত জঙ্গি আস্তানায়’ সফল অভিযান পরিচালনার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মান বিপিএম পদক পান। ওই মামলায় তাকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। চিফ প্রসিকিউটর বলেন, এই পুলিশ কর্মকর্তা কোনোভাবেই দায়মুক্তি পাবেন না।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে অনেক আসামির বিষয়ে পুলিশ রিপোর্ট সাবমিট করা হয়েছে এবং ফরমাল চার্জও আমরা দাখিল করেছি। 

যদি মাসুদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাকেও বিচারের আওতায় আনতে আইনগত কোনো বাধা নেই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সেখানে যদি প্রমাণ পাওয়া যায়, তাকেও বিচারের সম্মুখীন করা হবে।’

২০১৬ সালে গাজীপুরের পাতারটেকে আরও একটি জঙ্গি নাটক সাজানোর অভিযোগ ট্রাইব্যুনালে উত্থাপিত হয়। ওই মামলাতেও আসামিকে সাক্ষী করার প্রমাণ পাওয়া গেছে বলে জানানো হয়েছে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, দুটি জঙ্গি ঘটনারই পুনরায় তদন্তের জন্য তদন্ত সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে।


আমিনুল ইসলাম আরও বলেন, ‘যদি পর্যাপ্ত প্রমাণ না থাকে বা আরও কোনো আসামির সম্পৃক্ততার বিষয় থাকে, সবকিছু আমরা খতিয়ে দেখছি। পুনঃতদন্তে বিষয়গুলো পরিষ্কার হবে। প্রয়োজন হলে মামলাগুলো পুনরায় তদন্তের জন্য পাঠানো হবে।’

এর আগেঅনুসন্ধানে আরও কয়েকটি মামলায় আসামিদের সাক্ষী করার প্রমাণ পাওয়া যায়। সেসব বিষয়েও কাজ শুরু করেছে ট্রাইব্যুনালের ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝