মেহেরপুরে মাদক ও দেশীয় অ'স্ত্রসহ গ্রেপ্তার-২
মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা, গাঁজা ও বিদেশি মদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরও একজনকে পলাতক রয়েছে। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর পৌরসভার ফুলবাগান পাড়ায় পলাতক আসামি শুভর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মেহেরপুর পৌর শহরের কলেজপাড়া এলাকার মাহাবুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) এবং ফুলবাগান পাড়ার মৃত বিপুল হোসেনের ছেলে সৈকত আলী (২৩)। একই এলাকার শুভ (২৮) পলাতক রয়েছেন।মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার সার্কেল অফিসার (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী আজ সোমবার (৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সেমি-পাকা টিনশেড বাড়ি থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ গ্রাম গাঁজা, একটি বিদেশি মদের বোতল এবং তিনটি কুড়াল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী। এ সময় তার সঙ্গে এসআই সঞ্জয় মন্ডল, এসআই কাজল রঞ্জন ঘোষ, এসআই আবু বক্কর সিদ্দিকসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।পুলিশ কর্মকতা আরও জানান, আটক সাব্বির হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি পূর্বের মামলার চার্জশিটভুক্ত আসামি। একই মামলায় পলাতক আসামি শুভও অভিযুক্ত।
ডিবি পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ ঘটনায় আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আ. দৈ./কাশেম




















