চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
জাতীয়

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৭ শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন দেব দাশ (২৫),নগরীর কোতোয়ালি থানার সেবক কলোনির শেরিফ দাশ ওরফে শরিফ দাশের ছেলে। তাকে বৃহস্পতিবার বিকেলে বলুয়ার দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এবং পরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলিফ হত্যা মামলায় মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১৫–১৬ জনকে অভিযুক্ত করা হয়েছে। এই ঘটনার তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান মোট ৩৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন, যেখানে প্রধান আসামি করা হয়েছে চিন্ময় দাসকে।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন নাকচ করার পর আদালতের বাইরে সমর্থকদের বিক্ষোভে অশান্তি সৃষ্টি হয়। আড়াই ঘণ্টার ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় রঙ্গম কনভেনশন হল সংলগ্ন সড়কে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহত আলিফের বাবা ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে এবং অপর আসামিদের ধরার জন্যও নজরদারি বাড়ানো হয়েছে।
আ.দৈ/শাহরিয়ার
আ.দৈ/শাহরিয়ার




















