কিশোরগঞ্জে ২০ বাড়িতে হামলা ও ভাঙচুর, ৫ দিনেও গ্রেপ্তার নেই
নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলার ঘটনার পাঁচ দিন পার হলেও ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ওই হামলায় জাগো নিউজ, সময় টিভি ও স্টার নিউজের প্রতিনিধিসহ অন্তত ২০টি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। গুঁড়িয়ে দেওয়া হয় একটি মাইক্রোবাসও। গত ৩১ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণ গলি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শহরের নগুয়া ও আখড়াবাজার এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার রাতে জুলাই হত্যা মামলার আসামী ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী মুসা, সানা, সাজু, দিদারসহ আরো অনন্তত ৪০/৫০ জনের একটি সন্ত্রাসীদল ২০ পি বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
এদের বেশিরভাগই নগুয়া এলাকার বাসিন্দা। সন্ত্রাসীরা গলির দুই পাশের বাড়িগুলোতে অতর্কিত হামলা শুরু করে। হামলাকারীরা ৩ জন সাংবাদিকের বাসভবনসহ ২০টি বাড়ির গেট, দরজা ও জানালা কুপিয়ে তছনছ করে। হঠাৎ এই সশস্ত্র তাণ্ডবে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।
খবর পাওয়ার পরপরই কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও র্যাব-১৪-এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভুঁইয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কেউ মামলা করেনি।
আ.দৈ./কাশেম/ ইমু




















