বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ঈদযাত্রায় নৌপথে বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী রবিউল
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:০৫ পিএম   (ভিজিট : ৬৪)
X

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ঘোষণা দিয়েছেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রায় নৌপথে কোনো ধরনের বাড়তি ভাড়া আদায় করা হবে না। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট করে বলেন, পরিবহন সেক্টরে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক ও নিরাপদ হবে বলেও তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন। কারণ তিনি নৌপরিবহন মন্ত্রণালয়সহ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ টার্মিনাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

পরিদর্শনকালে মন্ত্রী শেখ রবিউল আলম নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তিনি জানান, পথে কোনো ধরনের চাঁদাবাজির তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, যাত্রী সাধারণের সুবিধার্থে এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

নৌপথের পাশাপাশি নারায়ণগঞ্জের যোগাযোগ ও পরিবেশগত উন্নয়নেও গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি শীতলক্ষ্যা নদীর দূষণরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইন প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে চালুর ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করেন। 

এ ছাড়া টার্মিনাল পরিদর্শনকালে নির্ধারিত সময়ে পণ্য খালাস না করার অভিযোগে একটি লাইটার জাহাজের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

পণ্য পরিবহন ও যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়মিত তদারকি চালিয়ে যাবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা সাধারণ মানুষকে জিম্মি করার চেষ্টা করবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। 

পরিদর্শনের সময় বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে উপস্থিত ছিলেন। সরকারের এই কঠোর অবস্থানের ফলে এবার নৌপথে যাত্রী ভোগান্তি উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝