ফরিদপুরে জুটমিলে কিশোর সজিবকে পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যা
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে জনতা জুটমিলে এক কিশোর শ্রমিকের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দীর্ঘ লড়াই শেষে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ১৩ বছর বয়সী সজিব শরীফের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার প্রেক্ষাপট : স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি রাতে কাজ শেষে পরিষ্কার- পরিচ্ছন্নতার সময় সজিব ও রিহাদ (১৩) নামের দুই কিশোর শ্রমিক হাওয়ার মেশিন নিয়ে অবস্থান করছিল। অভিযোগ উঠেছে, রিহাদ দুষ্টামির ছলে সজিবের পায়ুপথে উচ্চচাপের বাতাস প্রবেশ করায়। এতে সজিব তাৎক্ষণিক গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফরিদপুর ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এলাকাবাসীর বিক্ষোভ ও প্রশাসনের ভূমিকা : সজিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে শত শত বিক্ষুব্ধ জনতা মিলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান: "অভিযুক্ত রিহাদ বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন যে, ময়নাতদন্ত শেষে মরদেহ এলাকায় পৌঁছালে আইনগত প্রক্রিয়া শুরু হবে এবং একটি হত্যা মামলা দায়ের করা হবে।
আ. দৈ./কাশেম




















