চাঁদাবাজদের খুঁটির সঙ্গে বেঁধে রাখার নির্দেশ এমপি হাসনাত আবদুল্লাহর
ডেস্ক রিপোর্ট:

কেউ চাঁদা তুলতে আসলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।
শপথ গ্রহণের পরই মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কুমিল্লার দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে দেখা করে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, যে ব্যক্তি চাঁদা তোলে তার নাম শাহ আলম। সে যদি নির্ধারিত এলাকার বাইরে চাঁদা নিতে আসে, তাকে আটকে রাখবেন এবং পুলিশে সোপর্দ করবেন। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে।
ইজারাদার তার নির্ধারিত সীমানার বাইরে চাঁদা তুললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য। একইসঙ্গে এক ইজারাদারকে মোবাইল ফোনে সতর্ক করেন তিনি।
এসময় হাসনাত জানান, কাঁচাবাজারের ইজারা নিয়েছেন। নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে তখন আমার কিছু করার থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আ. দৈ./কাশেম




















