কবিরাজের চিকিৎসা নিতে গিয়ে নারী নিখোঁজ, সন্ধানে পিবিআই
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া গ্রামের বাসিন্দা হযরত আলীর মেয়ে রুবিনা (২৫) কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে নিখোঁজের এক বছর পার হলেও তার সন্ধান মেলেনি। তবে তার সন্ধানে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
জানা গেছে, গতবছর ৭ মার্চ সন্ধ্যায় রুবিনাকে তার মা বাড্ডা থানাধীন মোহাম্মদ রেজাউল কবিরাজের দাওয়াখানায় নিয়ে যান। ওইদিন সন্ধ্যায় রুবিনাকে রেখে ওষুধ কেনার জন্য তার মা বাইরে যায়। ওষুধ কেনার পর ফিরে এসে দেখতে পায় যে রুবিনা নেই। পরবর্তীতে রুবিনাকে দাওয়াখানাসহ আশেপাশে খোঁজ করতে থাকে এবং না পেয়ে তার মা নিজ বাসায় চলে আসে।পরদিন ৮ মার্চ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও নিখোঁজ নারীর সন্ধান না মেলায় গতবছরের ৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ভিকটিমের মা বাদী হয়ে মোহাম্মদ রেজাউল কবিরাজের বিরুদ্ধে মামরা করেন।
আদালতের নির্দেশে পিবিআই এসআইএন্ডও (উত্তর) মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই নাজমুল হক নিখোঁজ নারীকে সনাক্ত ও উদ্ধারের লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মামলার তদন্তের স্বার্থে পিবিআই কর্তৃক বিভিন্ন তথ্য যাচাই-বাছাই ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে পিবিআই তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন। নিখোঁজ রুবিনা সম্পর্কে কোনো তথ্য থাকলে মামলার তদন্তকারী কর্মকর্তার (০১৭৩৭-৭১১৯৫৯) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
আ. দৈ./কাশেম/ ইমু




















