পূবালী ব্যাংকের ৫১৮তম ঈশ্বরগঞ্জ শাখার শুভ উদ্বোধন
আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ৫১৮তম শাখা সম্প্রতি শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে শাখাটি শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ। সভাপতিত্ব করেন ময়মনসিংহ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন মিয়া। প্রধান অতিথির বক্তব্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং জনগণের সঞ্চয় ও বিনিয়োগ কার্যক্রমকে এগিয়ে নিতে ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরগঞ্জ অঞ্চলে পূবালী ব্যাংকের নতুন শাখা চালুর মাধ্যমে স্থানীয় জনগণ আধুনিক ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবে।
এই শাখার মাধ্যমে সঞ্চয়, ঋণ, রেমিট্যান্স ও অন্যান্য আর্থিক সেবায় নতুন গতি সঞ্চার হবে এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। শাখা উদ্বোধন শেষে প্রধান অতিথি মহোদয় অন্যান্য অতিথিদের নিয়ে ‘ক্যাশলেস ঈশ্বরগঞ্জ’ উদ্যোগ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।




















