বুয়েটে প্রাইম ব্যাংকের ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রাইম ব্যাংক পিএলসি. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বুয়েট ক্যারিয়ার ক্লাবের যৌথ সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইন্সপায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করেছে।
প্রাইম ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’–এর আওতায় বুয়েট ক্যাম্পাসে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজ্যুমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম. নাজিম এ. চৌধুরী।
তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডাটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং উদ্ভাবনী প্রযুক্তি ব্যাংকিং খাতকে দ্রুত রূপান্তরের পথে এগিয়ে নিচ্ছে। তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন তার বক্তব্যে টেকসই আর্থিক প্রতিষ্ঠান গড়ে তুলতে নারী নেতৃত্ব ও নৈতিক ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরেন।
এরপর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান আর্থিক সাক্ষরতা ও সঠিক অর্থ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে একাডেমিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফেরদৌস সারওয়ার। তিনি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।




















