রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় নেমেছেন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৩:৫২ পিএম   (ভিজিট : ৯৪)
X

উৎসবমুখর পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।  বলতে গেলে টানা ৩৪ বছর পর ফের গণভোট। গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে প্রচার-প্রচারণা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সব মন্ত্রণালয়-বিভাগ ও অধীন দপ্তর-সংস্থাগুলো প্রচার-প্রচারণার কাজে সম্পৃক্ত। কর্মসূচির অংশ হিসেবে ১৮ জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী দেশব্যাপী সফর করছেন। ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণায় ভোটারদের কাছে নানান যুক্তি তুলে ধরছেন তারা।

দেশের ৫৮টি জেলায় সপ্তাহব্যাপী এ সফরে তারা গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিতে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলছেন তারা। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া উপদেষ্টাদের এ সফর চলবে আগামী বুধবার (২১ জানুয়ারি) পর্যন্ত। গণভোটের প্রচারের জন্য দেশব্যাপী সফর করা এ উপদেষ্টারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের গঠন করা নির্বাচন মনিটরিং এবং সহায়তা প্রদানকারী উপদেষ্টা কমিটিরও সদস্য।

প্রচারণার অংশ হিসেবে উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় এবং গণভোটে অংশগ্রহণের বিষয়ে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তারা গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করছেন। উপদেষ্টারা জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের গণভোট নিয়ে প্রচারণা কার্যক্রম উদ্বোধনও করছেন।

১২ ফেব্রুয়ারির গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে। একটি সাদা, অন্যটি গোলাপি। সাদা ব্যালট পেপারের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যাবে। গোলাপি রঙের ব্যালটে জুলাই সনদের পক্ষে-বিপক্ষে ভোট দিতে হবে।

জানা গেছে, গণভোটে রাষ্ট্র পরিচালনা ও সংবিধান সংশোধন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জনগণের মতামত নেওয়া হবে। সরকারব্যবস্থার কাঠামো, নির্বাহী ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং জবাবদিহি ও স্বচ্ছতা জোরদারের প্রস্তাবগুলো এতে অন্তর্ভুক্ত থাকবে। এসব প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোটাররা সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে মতামত জানাবেন। এই ফলাফলের ভিত্তিতেই পরবর্তী রাজনৈতিক ও সাংবিধানিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বিভিন্ন জেলা সফরে থাকা উপদেষ্টাদের মধ্যে রয়েছেন আদিলুর রহমান খান স্থানীয়, (পল্লী উন্নয়ন ও সমবায়; শিল্প; গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা), সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা), ওয়াহিদউদ্দিন মাহমুদ (পরিকল্পনা উপদেষ্টা), আসিফ নজরুল (আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা), সৈয়দা রিজওয়ানা হাসান (তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা), নূরজাহান বেগম (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা), অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (শিক্ষা উপদেষ্টা), সালেহউদ্দিন আহমেদ (অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা), মুহাম্মদ ফাওজুল কবির খান (বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও মহাসড়ক এবং রেলপথ উপদেষ্টা), ফরিদা আখতার (মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা), আ ফ ম খালিদ হোসেন (ধর্মবিষয়ক উপদেষ্টা), শারমীন এস মুরশিদ (সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা), শেখ বশিরউদ্দীন (বাণিজ্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বস্ত্র ও পাট উপদেষ্টা), আলী ইমাম মজুমদার (খাদ্য এবং ভূমি উপদেষ্টা), বিধান রঞ্জন রায় পোদ্দার (প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা), মো. তৌহিদ হোসেন (পররাষ্ট্র উপদেষ্টা), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা) ও ফারুক ই আজম (মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা)।


গত ১৫ জানুয়ারি উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রাম ও ১৬ জানুয়ারি বান্দরবান জেলা সফর করেন। তিনি বান্দরবান জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন। ১৭ জানুয়ারি আদিলুর রহমান খান কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলা সফর করেন। আদিলুর কয়েকটি স্থানে গণভোটবিষয়ক মতবিনিময় সভা ও ভোটের গাড়ির উদ্বোধন করেন।

১৮ জানুয়ারি পাঁচজন উপদেষ্টা নয়টি জেলা সফর করেন। এর মধ্যে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালী, আসিফ নজরুল গাইবান্ধা ও পঞ্চগড়, সৈয়দা রিজওয়ানা হাসান নীলফামারী, নূরজাহান বেগম সিরাজগঞ্জ ও পাবনা এবং চৌধুরী রফিকুল আবরার নরসিংদী ও শরীয়তপুর জেলা সফর করেছেন।

১৯ জানুয়ারি উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ফেনী, আসিফ নজরুল শেরপুর ও জামালপুর, আদিলুর রহমান খান কিশোরগঞ্জ, ফাওজুল কবির খান টাঙ্গাইল ও মানিকগঞ্জ, রিজওয়ানা হাসান রংপুর, ফারুক ই আজম জয়পুরহাট, নূরজাহান বেগম নাটোর ও রাজশাহী, ফরিদা আখতার ঝালকাঠি ও পিরোজপুর, আ ফ ম খালিদ হোসেন হবিগঞ্জ ও সুনামগঞ্জ এবং শারমীন এস মুরশিদ সাতক্ষীরা ও যশোর সফর করেছেন।

২০ জানুয়ারি ১৬টি জেলা সফর করছেন উপদেষ্টারা। মঙ্গলবার শেখ বশির উদ্দিন ময়মনসিংহ ও নেত্রকোনা, আলী ইমাম মজুমদার বাগেরহাট ও খুলনা, রিজওয়ানা হাসান রাজবাড়ী, অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ, শারমীন এস মুরশিদ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা, ফারুক ই আজম বগুড়া, সুপ্রদীপ চাকমা মাগুরা ও নড়াইল, তৌহিদ হোসেন বরগুনা ও পটুয়াখালী জেলা পরিদর্শন করছেন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়া) ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুর ও গোপালগঞ্জ সফর করছেন ২০ জানুয়ারি।

বুধবার (২১ জানুয়ারি) ১২টি জেলা সফর করবেন সাতজন উপদেষ্টা ও একজন বিশেষ সহকারী। তাদের মধ্যে সালেহ উদ্দিন আহমেদ লক্ষীপুর ও চাঁদপুর, আদিলুর রহমান খান মুন্সিগঞ্জ, আলী ইমাম মজুমদার মেহেরপুর ও কুষ্টিয়া, চৌধুরী রফিকুল আবরার দিনাজপুর, রিজওয়ানা হাসান ফরিদপুর, এম সাখাওয়াত হোসেন লালমনিরহাট ও কুড়িগ্রাম, আ ফ ম খালিদ হোসেন সিলেট ও মৌলভীবাজার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গাজীপুর জেলা পরিদর্শন করবেন।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠিত করার দায়বদ্ধতা থেকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানে জনসচেতনতা তৈরিতে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে আমরা বিভিন্ন জেলা সফর করছি।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝