রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাইপলাইন থেকে তেল চুরির ঘটনায় মিরসরাইয়ে ঘরের মালিকের স্ত্রী গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম   (ভিজিট : ১১৬)
X

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) জাতীয় তেল সরবরাহ পাইপলাইনের ওপর ঘর নির্মাণ করে অভিনব কায়দায় ডিজেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট এলাকায় এই ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইলে তেল পাম্পিং করার সময় অতিরিক্ত চাপে ফুটো দিয়ে তেল ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে এবং মূল হোতাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসখানেক আগে হাদিফকিরহাট বাজারের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জায়গায় পাইপলাইনের ওপর টিনশেড ঘর তৈরি করেন স্থানীয় বাসিন্দা মো. আফসার। তিনি ঘরটি খুলনা সিটি কর্পোরেশনের সোনাডাঙ্গা এলাকার আমিরুল ইসলামের কাছে ভাড়া দেন। আমিরুল কোনো একটি চক্রের সহযোগিতায় ঘরের মেঝের ১২ ফুট নিচ দিয়ে যাওয়া পাইপলাইন ফুটো করে অবৈধভাবে তেল চুরি করে আসছিলেন।

বৃহস্পতিবার পাম্পিংয়ের সময় লাইনে তেলের চাপ বেড়ে গেলে ছিদ্র দিয়ে অনিয়ন্ত্রিতভাবে তেল বের হতে শুরু করে। অবস্থা বেগতিক দেখে আমিরুল পালিয়ে যান। পাইপলাইন থেকে বেরিয়ে আসা তেল পাশের ডোবায় প্রবাহিত হতে থাকলে স্থানীয় লোকজন তা সংগ্রহ করতে ভিড় জমায়। 


খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলেন। পরে বিপিসির কর্মকর্তারা এসে তেল সরবরাহ বন্ধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসির (পিটিসিপিএলসি) ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমাদ বলেন, ‘পাইপলাইনের ওপর ঘর তুলে মাটির নিচে ফুটো করে তেল চুরি করা হচ্ছিল। সকালে পাম্পিংয়ের সময় তেলের চাপে তা বাইরে ছড়িয়ে পড়ে এবং ঘটনাটি জানাজানি হয়।’

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, ‘ঘটনাস্থল থেকে কয়েক ড্রাম তেল, একটি ড্রিল মেশিন ও চুরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। চক্রটি সুকৌশলে ১২ ফুট গভীর থেকে তেল চুরির চেষ্টা করছিল।’

বিপিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পাইপলাইনের ক্ষতির পরিমাণ এবং চুরি হওয়া তেলের পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘর মালিক আফসারের স্ত্রী নুরজাহান বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মূল হোতা আমিরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে। বিপিসির পক্ষ থেকে এজাহার পেলে মামলা দায়ের করা হবে।’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝