রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদাবাজদের জোটে ভোট নয়, মরাই ভালো: হাসনাত আবদুল্লাহ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম   (ভিজিট : ১০৩)
X

চাঁদাবাজদের সঙ্গে জোট করে নির্বাচনে অংশ নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, “যারা পাড়া-মহল্লায় চাঁদাবাজিতে জড়িত, তাদের সঙ্গে কোনো অবস্থাতেই জোট করা যাবে না।” সোমবার (১০ নভেম্বর) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি অনেক ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছে, কিন্তু তাদের অনেক নেতাকর্মী এখন নিজের দলের নেতাদের দ্বারাই অবহেলিত। তিনি বলেন, “তাদের অনেকে আমাদের কাছে এসে বলেন, ‘আপনারাই দেশটাকে সঠিক পথে নিন, আমাদের দল ছিনতাই হয়ে গেছে।’ আমরা রক্ত ও ঘাম দিয়ে মানুষের ভোটাধিকার ও স্বাধীনতার জন্য আন্দোলন করেছি।”

তিনি আরও বলেন, বিএনপির মধ্যে এখনও অনেক ভালো ও নীতিবান মানুষ আছেন, যারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন। “জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসীরা কখনো চাঁদাবাজ হতে পারেন না,” উল্লেখ করে তিনি বলেন, “আমরা চাই, সেই সৎ ও দেশপ্রেমী মানুষদের আমাদের দলে যুক্ত করতে।”

নিজ দলের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “অনেকে এখন চায়ের দোকানে বসে বলে, ‘এনসিপি করেন, ভোটের পর আর খোঁজ থাকবে না।’ আমি তাদের বলতে চাই—ভালো কাজ সবসময় অল্প সংখ্যক মানুষের মাধ্যমেই শুরু হয়। সংখ্যাগরিষ্ঠ মানেই কল্যাণকামী নয়। যারা শেখ হাসিনার সময় সংগ্রাম করেছে, তারাও সংখ্যায় কম ছিল, কিন্তু তারা ইতিহাসে জায়গা করে নিয়েছে।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “অনেকে কোরাম নিয়ে ব্যস্ত। আজকের উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে, জেলার আট উপজেলার মধ্যে অনেকের উপস্থিতি নেই। কিন্তু কোরাম নয়, প্রয়োজন ভালো কর্মীর। দশজন নিবেদিতপ্রাণ কর্মী দিয়েই এনসিপির শক্তিশালী কমিটি গঠন করা হবে।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা বিশ্বাস করি, এবার সুষ্ঠু নির্বাচন হবে। তবে অনেকে ব্যালট নয়, বুলেটের রাজনীতি করছে। তারা মনে করে ভয় দেখিয়ে মানুষকে ফ্যাসিবাদী শাসনের দিকে ঠেলে দেওয়া যাবে। ইতোমধ্যে এনসিপিকে ঘিরে ভয়ভীতিমূলক প্রচারণা চলছে। আমরা জনগণকে বলতে চাই—যারা ভয় পায়, তারাই ভয় দেখায়; আর যারা ভয় দেখায়, তারা নিজেদের সর্বনাশ ডেকে আনে। সাহসী মানুষ কখনো ভয় দেখায় না, বরং জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করে।”

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম। সঞ্চালনা করেন জেলা জাতীয় ছাত্রশক্তি নেতা মো. সাগর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ মিরাজ মিয়া, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আরিফ তালুকদার, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক নাভিদ নাওরোজ শাহ, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহবুব আলম এবং কেন্দ্রীয় সদস্য মো. সাইফুল ইসলাম।

সভায় বক্তারা দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝