রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
তফসিল ঘোষণার আগেই,ভোলায় বিএনপি-বিজেপির সংঘর্ষে আহত ৫০
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৫:৩২ পিএম  আপডেট: ০১.১১.২০২৫ ৫:৪৪ পিএম  (ভিজিট : ৮০)
X

এখনো জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তারপরেও রাজনৈতিক দলগুলোর প্রতিহিংসা, আক্রমন, হামলা এবং রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে।

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলায় বিএনপির সঙ্গে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ভোলার নতুন বাজার এলাকায় বিএনপি এবং বিজেপির নেতা-কর্মীদের মধ্যে মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৫০ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে ভোলা জেলা বিএনপি ও জাতীয় পার্টির (বিজেপি) অফিসের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল। দুপুর ১২টার দিকে বিজেপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে সদর রোড হয়ে চকবাজার ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।

অন্যদিকে মহাজনপট্টিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একদল নেতাকর্মী মিছিল নিয়ে বের হন। পরে নতুন বাজার পৌর ভবনের সামনে এলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতরা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম জানান, কার্যালয়ের সামনে পূর্বঘোষিত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করছিলেন। পৌরসভা সংলগ্ন এলাকায় পৌঁছালে বিজেপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম জানান, সকালে তাদের অঙ্গসংগঠনের একটি কর্মসূচি ও মিছিল ছিল। মিছিল শেষে তারা দলীয় কার্যালয়ের সামনে আসেন। কিছুক্ষণ পর বিএনপির একটি মিছিল এসে তাদের ধাওয়া দেয়, ইটপাটকেল ছোড়ে ও মারধর করে। এতে তাদের অনেক নেতাকর্মী আহত হন।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, এখন পর্যন্ত তাদের হাসপাতালে উভয় পক্ষের ৪৫ জন চিকিৎসা নিয়েছেন। আটজনকে বরিশালে রেফার্ড করা হয়েছে। এছাড়া কয়েকজন এখন ভর্তি রয়েছেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝