শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী
নিজস্ব প্রতিবেদক

গাজাগামী নৌবহর সুমুদ ফ্লোটিলা থেকে বাংলাদেশি সাংবাদিক শহিদুল আলমকে অপহরণ করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এক ভিডিও বার্তায় বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শহিদুল আলম।
আজ (বুধবার, ৮ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় খোদ এ তথ্য নিশ্চিত করেন তিনি।
ভিডিও বার্তার ক্যাপশনে তিনি লেখেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইলি, যার সঙ্গে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তি সক্রিয়ভাবে সহযোগিতা করছে। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যান।’
এর আগে, ৫ অক্টোবর রাতে শহিদুলের ফেসবুকে হুবহু একই বক্তব্যসহ একটি বার্তা পোস্ট হয়েছিল। তবে পরদিন তিনি নিজেই জানান, ‘ভয়ের জন্য দুঃখিত। এটি একটি প্রস্তুত স্ক্রিপ্ট ছিল; যদি আমরা ইসরাইলি বাহিনীর দ্বারা আটক হই, তখন প্রচার করার জন্য তৈরি করা হয়েছিল। ভুলবশত সেটি আগেই আপলোড হয়ে গিয়েছিল।’
সে সময় বিষয়টি ‘ভুল বোঝাবুঝি ও আগেভাগে স্ক্রিপ্ট প্রকাশ’ বলে ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তি কমান তিনি। তবে আজকের ভিডিও বার্তাটি ইঙ্গিত করে, এবার আর কোনো স্ক্রিপ্ট নয়; আসলেই তাকে আটক করেছে ইসরাইলি বাহিনী।
শহিদুল আলম গাজাগামী ফ্লোটিলা অভিযানের অংশ নেন, যেটি ইসরাইলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিল। এ মিশনের অংশ হিসেবে তিনি বিশ্ব গণমাধ্যমে একাধিক সাক্ষাৎকার ও বার্তা দিয়েছেন, যেখানে তিনি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন।




















