অক্টোবরে বিএনপির একক প্রার্থী ঘোষণা, তরুণদের চমকের ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ধোঁয়াশা থাকলেও ফেব্রুয়ারির প্রথমার্ধকে সম্ভাব্য সময় ধরে সব রাজনৈতিক দলই প্রচারণায় নেমেছে। বিএনপিসহ প্রায় সব দলই এখন নির্বাচনী কর্মকাণ্ডে সক্রিয়। তবে বিএনপি ছাড়া অধিকাংশ দল ইতিমধ্যেই একক প্রার্থী চূড়ান্ত করেছে। ফলে বিএনপিও দ্রুত একক প্রার্থী নির্ধারণের পথে এগোচ্ছে।
প্রতিটি সংসদীয় আসনে একক প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়। এ সময় জোটের অন্যান্য দল বা মিত্রদের জন্য আসন ছাড়ের বিষয়টিও আলোচনায় আসে। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।
বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে বিভিন্ন সংসদীয় আসনে একক প্রার্থী বিষয়ে আলোচনা হয়েছে। এবার প্রার্থী মনোনয়নে ত্যাগী, ক্লিন ইমেজধারী ও এলাকায় জনপ্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি তরুণ প্রার্থীদের জন্যও জায়গা তৈরি হচ্ছে। তিনি ইঙ্গিত দেন, মনোনয়নে আসতে পারে বড় ধরনের ‘চমক’।
বিএনপির একাধিক সূত্র জানায়, ৩০০ আসনের অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী নির্ধারণের কাজ প্রায় শেষ। এর মধ্যে দেড়শ আসনে প্রার্থী নিয়ে কোনো জটিলতা নেই বলে মনে করছে হাইকমান্ড। বাকি আসনগুলো নিয়ে চলছে তৎপরতা।
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র রাজনৈতিক দলগুলোকে কিছু আসন ছেড়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। অক্টোবরে তাদের মৌখিকভাবে জানানো হতে পারে কোন আসনে ছাড় দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে তারেক রহমানের সঙ্গে মিত্রদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইতোমধ্যে একাধিক জরিপের ফল এবং সাংগঠনিক টিমের প্রার্থীতালিকা হাতে পেয়েছেন হাইকমান্ড। সেগুলো সমন্বয় করেই একক প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
আ.দৈ/আরএস




















