বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন
ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক-এর উদ্যোগে এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর সহযোগিতায় শুরু হলো এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। এ প্রশিক্ষণ দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক জ্ঞান, ব্যবস্থাপনা দক্ষতা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্পর্কে গভীর ধারণা প্রদান করবে, যা তাদের ব্যবসা সম্প্রসারণ ও টেকসই উন্নয়নে সহায়ক হবে।
অর্থ মন্ত্রণালয়ের ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। সম্প্রতি নিকুঞ্জে অবস্থিত “প্রাইম টাওয়ার”-এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জিয়াউর রহমান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) সাজ্জাদ হায়দার চৌধুরী।
প্রথম ব্যাচের প্রশিক্ষণে অংশ নিয়েছেন ২৫ জন উদ্যোক্তা। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার, সংশ্লিষ্ট বিষয় সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন।
প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী বলেন, ‘প্রাইম ব্যাংক পিএলসি. সব সময়ই এসএমই উদ্যোক্তাদের পাশে থাকার চেষ্টা করে। এই প্রশিক্ষণের মাধ্যমে এসএমই উদ্যোক্তারা নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করবেন, যা তাদের ব্যবসাকে এগিয়ে নিতে সহায়তা করবে। উদ্যোক্তাদের জন্য এমন প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও কৃতজ্ঞ।’




















