ভাঙ্গার আন্দোলনকারীদের অবরোধ শনিবার পর্যন্ত স্থগিত
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি আগামী শনিবার পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আশ্বাস ও দুর্গাপূজার কথা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের ভোগান্তি এড়াতে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী যদি হয়রানিমূলক আচরণ করে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে কর্মসূচিতে ফিরে যাবেন তারা। পাশাপাশি, রোববারের মধ্যে দাবি মানা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দেন আন্দোলন সমন্বয়করা।
সোমবার সহিংসতা ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকাল থেকে পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে আন্দোলনকারীরা অবস্থান নেন। তবে তারা রাস্তা অবরোধ না করে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। ঢাকা—খুলনা ও ফরিদপুর—বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর—৪ আসন থেকে কেটে ফরিদপুর—২ আসনে যুক্ত করা হয়। এর প্রতিবাদে স্থানীয়রা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন সোমবার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে থানা, উপজেলা পরিষদ ও নির্বাচন অফিসে হামলা—ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ১,২০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
আ.দৈ/ওফা




















