রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রিশালে উপদেষ্টা সাখাওয়াত হোসেন
‘ফেব্রুয়ারিতে নির্বাচন, কোনো সন্দেহ নেই’
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৮ পিএম  আপডেট: ১৩.০৯.২০২৫ ৯:০১ পিএম  (ভিজিট : ১৮১)
X

নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে- এ নিয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই।’

আজ শনিবার দুপুরে বরিশাল নগরীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ভাঙ্গা থেকে পটুয়াখালী পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। এজন্য কিছু জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে, বাকিগুলো করা হবে।’

উপদেষ্টা বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে বলে আশা রাখি।’

ভোলার গ্যাস নিয়ে স্থানীয়দের ক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোলার বাসিন্দারা এখনো গ্যাস পাচ্ছেন না। তবে সবচেয়ে দুঃখজনক হলো রাতে কেউ অসুস্থ হলে ভোলা থেকে বরিশালে আনা কঠিন। এজন্য উদ্যোক্তাদের সর্বাধুনিক সুবিধাসম্পন্ন দুটি অ্যাম্বুলেন্স দেওয়ার আহ্বান জানানো হয়েছে।’

উপদেষ্টা বলেন, ‘বরিশালের খাল রক্ষণাবেক্ষণে বিআইডব্লিউটিএ’র যন্ত্রপাতি ব্যবহার করা হবে। হিজলা-মেহেন্দিগঞ্জে নদীভাঙন রোধে ৮১০ কোটি টাকার প্রকল্প প্রায় অনুমোদনের পথে, শীতের মধ্যে কাজ শুরু হতে পারে। সরকারি হাতেম আলী কলেজ ও বিএম কলেজে বরাদ্দ এসেছে।’ ভবিষ্যতে আরও বড় বরাদ্দ দেওয়া হবে বলে জানান তিনি।

পুরোনো ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘ইউরোপে নদীতে পুরোনো স্টিমার এখনো চালু রয়েছে, কিন্তু বরিশালে সেগুলো ভেঙে ফেলা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে বরিশালে নতুন একটি স্টিমার ঘাট নির্মাণ হচ্ছে।’ অক্টোবরের মাঝামাঝি প্যাডেল চালিত স্টিমার নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান তিনি।

সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করেন, ‘ডিসেম্বরের মধ্যে বাবুগঞ্জ ও মুলাদীর আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ ফেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এ ছাড়া অক্টোবরের মধ্যে বরিশাল নগরীর বাসিন্দাদের জন্য নদীর পানি পরিশোধন করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালু করা হবে।’

এর আগে বরিশাল বিভাগের ৬ জেলা প্রশাসক, পুলিশ বিভাগ ও সড়ক ও জনপথ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা সাখাওয়াত। এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক রায়হান কাওছার এবং জেলা প্রশাসক দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস






Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝