শিক্ষকের মার খেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীর বিষপান, ৮ দিন পর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক

কৃষিজমিতে কাজ না করায় চট্টগ্রামের আনোয়ারায় এক শিক্ষার্থীকে বকাঝকা ও মারধর করেছিলেন এক শিক্ষক। এরই ধারাবাহিকতায় ক্ষোভে বিষ পান করে ওই শিক্ষার্থী। আট দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে না ফেরার দেশে চলে যান ঐ শিক্ষার্থী।
এ ঘটনায় নিহত শিক্ষার্থীর চাচার দায়ের করা মামলা সূত্র ধরে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
নিহতের নাম মোহাম্মদ ফোরকান (১৭)। সে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। ফোরকান দুই বছর ধরে মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার শর্টকোর্স বিভাগে পড়াশোনা করছিল বলে জানা গেছে।

আর গ্রেপ্তার শিক্ষক রফিকুল ইসলাম (৩২) কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলার বাসিন্দা। আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মাদ্রাসা আরবিয়া খাইরিয়ার শিক্ষক তিনি।
নিহত ফোরকানের চাচার মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২ ফেব্রুয়ারি সকাল ১০টার সময় মাদ্রাসার পাশের একটি জমিতে কৃষিকাজ না করায় মোহাম্মদ ফোরকানকে মারধর ও বকাঝকা করেন শিক্ষক রফিকুল ইসলাম। পরে ওই ক্ষোভে ফোরকান জমির জন্য আনা কীটনাশক খেয়ে ফেলে। এরপর মাদ্রাসার শিক্ষকরা তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা ফোরকানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমআই




















