ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে বছর শেষ করতে চান সিমন্স
স্পোর্টস ডেস্ক

ছবি: অনলাইন
টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করার পর ওয়ানডেতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে টি-টোয়েন্টি সিরিজে সেই প্রতিশোধ নেওয়ার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ইতিমধ্যে জিতে নিয়েছে লিটন দাসের দল। আর শেষ ম্যাচ জিতলেই ক্যারিবীয়দের তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করবে টাইগাররা। বাংলাদেশের কোচ ফিল সিমন্স আপাতত সেই লক্ষ্যেই এগোচ্ছেন।
আগামীকাল (শেষ ম্যাচ) মাঠে নামার আগে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার আশা প্রকাশ করেছেন এই ক্যারিবীয়ান কোচ। তার মতে, কাজটি সহজ নয়, তবে বছরের শেষটা জয়ের আনন্দ দিয়ে রাঙাতে চান তিনি এবং তার দল। সেই জয় নিয়েই বাংলাদেশ সফরে আসতে চান সিমন্স।
ফিল সিমন্স বলেছেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর আমি সবসময় একটি লক্ষ্য নিয়ে এগোই। হোয়াইটওয়াশ সম্ভব কি না জানি না, তবে সিরিজ জেতাই বড় বিষয়। অবশ্যই শেষ ম্যাচ জিততে চাই। জয় দিয়ে সিরিজ শেষ করতে পারলে আমাদের জন্য এটি হবে হাসিখুশি হয়ে বাড়ি ফেরার মতো মুহূর্ত। আমাদের খেলোয়াড়রা যেন জানে তাদের করণীয় কী, সেটাই গুরুত্বপূর্ণ।’
ওয়ানডেতে সুবিধা করতে না পারলেও টি-টোয়েন্টিতে ভালো করার কারণ হিসেবে সিমন্স জানান, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টির দল দুটি ভিন্ন। দুটো ফরম্যাটেই কিছু পরিবর্তন আছে। এমন অনেক খেলোয়াড় আছে, যারা ওয়ানডে দলে ছিল না কিন্তু টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছে। আপনি সবসময় আগের চেয়ে ভালো পারফরম্যান্স আশা করবেন। ওয়ানডে সিরিজ হারার পর ছেলেরা টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলছে। যদিও ওয়ানডেতেও আমরা ভালো খেলেছিলাম।’
সিরিজ জয়ে খেলোয়াড়দের প্রশংসা করে সিমন্স বলেন, ‘ওয়ানডে সিরিজের পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস জুগিয়েছে যে তারা ভালো করতে পারে। যদিও ফরম্যাট আলাদা, তবে খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজ হারার পরও তারা যেভাবে এই সিরিজে খেলেছে, তা প্রশংসার যোগ্য।’
শেষ ম্যাচে জয় নিয়ে সিমন্স আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচের আগেই আমি বিশ্বাস করি আমরা জিততে পারি। ওয়ানডে সিরিজে একটিও ম্যাচ জিততে না পারলেও আমরা টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আলোচনা করেছি, কীভাবে জয় সম্ভব। প্রথম দুটি ম্যাচ জিতেছি, এবার তৃতীয় ম্যাচে বসব জয়ের কৌশল নিয়ে। আমার বিশ্বাস, আমাদের দল জয়ের সামর্থ্য রাখে।’
আ. দৈ./ সাধ




















