মেসির বিদায়ী ম্যাচ ঘিরে মনুমেন্টালে মহা আয়োজন
স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-বেনিন ম্যাচ। ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতার মনুমেন্টালে ম্যাচের আগে ও পরে থাকবে সংগীত পরিবেশনা, সম্মাননা, ড্রোন শো, আতশবাজি ও আলোকসজ্জার আয়োজন।
ম্যাচ শুরুর আগে একাধিক শিল্পীর পরিবেশনা থাকবে। জাতীয় সংগীত পরিবেশন করবেন ফাবিও সান্তানা। ম্যাচ শেষ হওয়ার পর মেসিকে ঘিরে শুরু হবে মূল বিদায়ী অনুষ্ঠান। থাকবে ড্রোন শো, আতশবাজি ও বিশেষ আলোকসজ্জা।
এরপর এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কনমেবল সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস মেসির হাতে সম্মাননা তুলে দেবেন। পরে সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে বিদায়ী আয়োজন।
বেনিনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার হয়ে মেসির ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। বর্তমানে তাঁর নামের পাশে ২০৭ ম্যাচে ১২৫ গোল ও ৬৮ অ্যাসিস্ট।
২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা জিতেছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ফাইনালিসিমা। বেনিন ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়।
আ.দৈ/আরএস




















